খালেদা জিয়ার স্মরণে শোক বইতে যা লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও সমবেদনা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। আজ সোমবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাকিস্তানের প্রেস উইং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হাইকমিশনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের চার্জ ডি’অ্যাফেয়ার্সের প্রতি সমবেদনা তিনি জানিয়েছেন, শোক বইতে একটি বার্তা লিপিবদ্ধ করেছেন এবং বিদেহী আত্মার জন্য ফাতেহা পাঠ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার শোকবার্তায় খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন, তাকে একজন দূরদর্শী নেত্রী এবং জনসেবায় জীবন উৎসর্গকারী একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন।
খালেদা জিয়াকে পাকিস্তানের একজন আন্তরিক বন্ধু হিসেবে স্মরণ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উল্লেখ করেন, তিনি একটি স্থায়ী ও অনুপ্রেরণামূলক উত্তরাধিকার রেখে গেছেন। পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সদ্যপ্রয়াত খালেদা জিয়ার পরিবার, তার ভক্ত এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ও সর্বশক্তিমান আল্লাহ তার আত্মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন বলে প্রার্থনা করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি।

নিজস্ব প্রতিবেদক