মনোনয়নপত্র বাতিলের কারণ জানালেন তাসনিম জারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার মনোনয়নপত্র বাতিলের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেছেন।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।
তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজ সেটার বাছাই পর্ব ছিল। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতোমধ্যেই শুরু করে দিয়েছি।
মনোনয়নপত্র বাতিলের কারণ জানিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আপনারা জানেন যে, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি স্বাক্ষর আমরা জমা দিয়েছিলাম। সেখান থেকে দশজনের তথ্য ভেরিফাই করতে গিয়ে দশ জনেরই সত্যতা খুঁজে পেয়েছেন নির্বাচন কমিশন।
তাসনিম জারা বলেন, কিন্তু দশজনের মধ্যেই দুজনের ক্ষেত্রে তারা দেখেছেন, তারা ঢাকা-৯ আসনের ভোটার না। এই দুজনের যাচাইয়ের কোনো উপায় ছিল না, তারা ঢাকা-৯ আসনের ভোটার কিনা। ওই দুই ভোটারের মধ্যে একজনের এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে জানতেন। অন্যজন খিলগাঁও এলাকার বাসিন্দা। এই এলাকাটি ঢাকা-৯ ও ঢাকা-১১ উভয় আসনের মধ্যে পড়ায় তিনিও নিজেকে ঢাকা-৯ এর ভোটার বলে জানতেন। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি ঢাকা-১১ আসনের ভোটার।
এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, এই দুটি ব্যতিক্রম বাদে বাকি সব তথ্য সঠিক ছিল। আমরা আপিল করব। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির লড়াইয়ে নেমেছি, আমাদের সেই লড়াই আমাদের চালু থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক