রং-পোড়া তেলে তৈরি হচ্ছিল বেকারি পণ্য
নীলফামারীতে খাদ্যে রং ও পোড়া তেল ব্যবহার করার অভিযোগে ‘সততা বেকারি’ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছবি : এনটিভি
নীলফামারীতে খাদ্যে রং ও পোড়া তেল ব্যবহার করার অভিযোগে ‘সততা বেকারি’ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের অবিনাশের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম এবং সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেব উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন বলেন, বেকারিতে খাদ্য প্রস্তুতের সময় রং ও পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী