রাজধানীতে তিন পিস্তল, ৬০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজাসহ তিনজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো. মামুন (৩৭)।
আরও পড়ুন : ঢাকায় গুলিতে যুবদল নেতা নিহত, চাঁদপুরে শোকের ছায়া
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ডিভিশনের (ডিবি) ডিসি মো. আমীর খসরু ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
আমীর খসরু জানান, সোমবার (১৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি চৌকস দল কদমতলী থানাধীন নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তাদের হেফাজত হতে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : পিকআপে আগুন, আশুলিয়ায় সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি
গ্রেপ্তারকৃত আসামিরা এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য উক্ত পিস্তল নিজ নিজ দখলে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। উল্লিখিত ঘটনায় কদমতলী থানায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক