সাভারে নিষিদ্ধ ছাত্রলীগনেতা গ্রেপ্তার
সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তানজিদুর রহমান তানজিল (২৪) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২ নভেম্বর) ভোরে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেপ্তারকৃত তানজিদুর রহমান তানজিল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, এছাড়াও সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, রোববার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লানগর এলাকা থেকে তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগনেতা তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

জাহিদুর রহমান