তরুণদের ভোট ধানের শীষে হবে : সেলিম ভূঁইয়া
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে তার দল দেশকে নতুনভাবে গড়ে তুলবে। তিনি প্রত্যাশা করেন, ‘তরুণদের ভোট ধানের শীষে হবে।’
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া সড়ক বাজার মোটর স্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, এই অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি বা ভোটকেন্দ্রে যেতে পারেনি। এবার জনগণই ভোট দেবে, আমরা জনগণের পাশে আছি।
সেলিম ভূঁইয়া আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেই দেবে— এটাই আমাদের অঙ্গীকার। তিনি নতুন ভোটারদের ভোটের মাঠে এসে অংশগ্রহণের আহ্বান জানান।
জেলা বিএনপির সদস্য ও আখাউড়া-কসবা আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন প্রমুখ।
বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল, স্লোগান ও বাদ্যযন্ত্র নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নারীদের উপস্থিতি জনসমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া