২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, আক্রান্ত ২২০১
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ জনে। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ২০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৭৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সাত হাজার ৯৪২ জন রোগী। এর মধ্যে তিন হাজার ৭৬৩ জন ঢাকায় এবং চার হাজার ১৭৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক লাখ আট হাজার ৬৩০ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে এক লাখ ১৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)