ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ নেতা ও তার বান্ধবী নিহত
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা মো. ইমরান ইফতি এবং তার বান্ধবী নাহিদা সুলতানার মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জি সি মোড়ের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইমরান ইফতি (২৩) নগরীর সদরঘাট থানার মাদারবাড়ির দারোগার হাট এলাকার ইউনুস মোল্লার ছেলে। তিনি সরকারি সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ইমরান ইফতি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ও ছাত্র সংসদের সদস্য ছিলেন। নিহত অপর ব্যক্তি হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)। তিনি একই কলেজের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানার ওয়াসা ও জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।’

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)