নেত্রকোনায় ট্রাক উল্টে ইটচাপায় দুই শ্রমিক নিহত
নেত্রকোনার বারহাট্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে বারহাট্টা উপজেলার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (২২) ও রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১১ জুলাই) সকালে ইট বোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুজন ইটের নিচে চাপা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ দুটি উদ্ধার করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভজন দাস, নেত্রকোনা