আজীবন সম্মাননা পেলেন ফটোসাংবাদিক রফিকুর রহমান ও মহসিন
রাঙ্গামাটি প্রেসক্লাবে শুক্রবার (১৬ জুন) পোর্ট্রেট নিউজ ২৪ ডটকম এর উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে পোর্ট্রেট নিউজ ২৪ ডটকম এর উদ্যোগে আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক এবিএম রফিকুর রহমান ও একেএম মহসিনকে।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমাদের পাবর্ত্য শান্তিচুক্তি সম্পাদনে জাতীয় ও স্থানীয় সাংবাদিক ভাইদের ভূমিকা অগ্রগণ্য। আজ পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি বিরাজমানে তাদের অক্লান্ত পরিশ্রম আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।
সংবর্ধিত বিশিষ্ট ফটোসাংবাদিক এবিএম রফিকুর রহমান বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশে বর্তমান বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের জন্ম হয়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে ভারতে প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর একটি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, পোর্ট্রেট নিউজ ২৪ এর আবাসিক সম্পাদক বুলবুল আহমেদ, ফরিদ আহমেদ, সুপ্রিয় চাকমা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিল, পোর্ট্রেট নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক মিথুন দত্ত, পোর্ট্রেট নিউজ ২৪ পরিচালক পীযূষ তালুকদার, পোর্ট্রেট নিউজ ২৪ এর রণি দাশ, কানন আচার্য প্রমুখ।

এনটিভি অনলাইন ডেস্ক