খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ
দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষক-শিক্ষিকারা।
আজ শনিবার বেলা ১১টায় কলেজ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে খানসামা ডিগ্রি কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কলেজ অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবু হাতেম, আতাউর রহমান, সাইফুল ইসলাম বিএসসি, রিয়াজুল ইসলাম, কলেজ প্রভাষক সফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এর আগে দিনাজপুর-খানসামা সড়ক অবরোধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে অবরোধ তুলে নেওয়া হয়।
গত ১৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় যে নয়টি কলেজের জাতীয়করণের ঘোঘণা দিয়েছে, সেখানে খানসামা ডিগ্রি কলেজের নাম নেই। আছে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের পাকের হাট ডিগ্রি কলেজের নাম।

ফারুক হোসেন, দিনাজপুর