লাল-সবুজের পতাকা থাকলে বাংলাদেশ থাকবে
যতদিন লাল-সবুজের পতাকা থাকবে, ততদিন বাংলাদেশ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
আজ শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সাজেদা চৌধুরী।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধীদের ঠাঁই হবে না। আপনারা স্বাধীনতাবিরোধীদের চিহ্নিত করুন, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে।’
নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর