সাত মামলায় বিএনপি নেতার আগাম জামিন
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের সাতটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার সকালে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মির্জা মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন।
একইসঙ্গে এসব মামলায় তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী , ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান। রাষ্ট্রের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল ফজলুর রহমান।
আইনজীবী এহসানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, সরকারবিরোধী আন্দোলনের সময় চলতি বছরের জানুয়ারি মাসে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মিরপুর থানায় ও পল্লবী থানায় মোট আটটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত সাতটি মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেন। যাত্রাবাড়ী থানায় দায়ের করা অপর একটি মামলার বিষয়ে শুনানি হয়নি।
এহসানুর রহমান বলেন, ‘রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবেই সরকার এসব মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি সাবেক মন্ত্রী এবং একজন সম্মানিত ব্যক্তি। তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এসব মামলা করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক