ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সৌরভ হুসাইন জয় (২০)। তিনি উপজেলা সদরের মেছেরদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহত সিফাত হোসেন (১৮) একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। সিফাতকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, আজ সকাল ১০টার দিকে জয় ও সিফাত মোটরসাইকেলে করে মধুখালী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে মধুখালী মোজাফর হোসেন ফিলিং স্টেশনের সামনে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে রাখা একটি রোলারের সঙ্গে ধাক্কা খেয়ে জয় ও সিফাত মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয় মারা যান।

সঞ্জিব দাস, ফরিদপুর