পেঁয়াজ না কাটায় লাথিতে স্ত্রী হত্যা!
সময়মতো পেঁয়াজ না কাটায় স্বামী তাঁর স্ত্রীকে লাথি দিয়ে হত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। নিহত নারীর নাম সকিনা (৩৫)।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এর পর থেকে স্বামী আবদুল হালিম পলাতক।
পুলিশ ও প্রতিবেশী মোফাজ্জল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, পার্বতীপুর গ্রামের আবদুল হালিম পেঁয়াজু বিক্রি করেন। গত রোববার দুপুরে সকিনাকে পেঁয়াজ কাটতে বলে চলে যান হালিম। এরপর ফিরে এসে দেখেন সকিনার পেঁয়াজ কাটা শেষ হয়নি। এ কারণে ছকিনার তলপেটে লাথি মারেন হালিম। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন সকিনাকে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সকিনাকে বাড়ি নিয়ে যান হালিম। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নুরুজ্জামান জানান, সকিনার লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হালিমকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

ফারুক হোসেন, দিনাজপুর