ট্রাক কেড়ে নিল প্রতিবন্ধী গৃহবধূর প্রাণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বোয়ালমারী- ময়েনদিয়া সড়কে আজ শনিবার ট্রাকের ধাক্কায় রিয়া বেগম (২০) নামের এক প্রতিবন্ধী গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত গৃহবধূ বোয়ালমারীর চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মো. কাদেরের স্ত্রী। তাঁদের এক সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে শ্রবণ প্রতিবন্ধী গৃহবধূ রিয়া বেগম পৌর শহরের মধ্যেরগাতি গ্রামের নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে বোয়ালমারী- ময়েনদিয়া সড়কে বেপরোয়া গতির একটি ট্রাক (যশোর ট-৩৬৯) তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ পরে ছোলনা গ্রাম থেকে ওই ট্রাক এবং এর চালক মাসুদ শেখকে (২২) আটক করে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর