রাষ্ট্রযন্ত্র দায়ী, দায় নিতে হবে রাষ্ট্রকেই
সম্প্রতি নারী লাঞ্ছনা আর ধর্ষণের ঘটনাগুলোর জন্য রাষ্ট্রযন্ত্রকে দায়ী করেছেন আদিবাসী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। রোববার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে গারো আদিবাসী কলেজছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন তাঁরা।
এদিকে পুলিশ বলছে, দ্রুতই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবে তারা।
মানববন্ধনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘রাষ্ট্রের আইনশৃঙ্খলাবাহিনী যদি নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাদের এর জন্য অবশ্যই আমাদের কাছে জবাবদিহি করতে হবে।’
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, ‘সম্পূর্ণভাবে সরকারের উদাসীনতা এবং সেই সাথে আমি বলব আমাদের সমাজ, সমাজের শৈথিল্য, উদাসীনতা সবকিছু মিলিয়ে এ ঘটনাগুলো ঘটছে।’
জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘এ আদিবাসী মেয়ের পূর্ণ নিরাপত্তার দায়দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।’
ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘সরকারকে জবাবদিহি করতে বাধ্য করব। কিন্তু, রাজপথেও এর প্রতিবাদ থাকতে হবে।’
সংসদ সদস্য হাজেরা সুলতানা বলেন, ‘সারা বাংলাদেশে যেভাবে নারী ধর্ষণ বেড়ে চলেছে, নারীর ওপর সহিংসতা হচ্ছে, রাষ্ট্রকেই এর দায়িত্ব বহন করতে হবে। ’
ফুটেজ দেখে অপরাধী ধরবে পুলিশ
পুলিশের দাবি, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বেশকিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যার মাধ্যমে অপরাধীদের ধরতে পারবেন তাঁরা। গুলশান জোনের উপকমিশনার (ডিসি) খন্দকার লুৎফুল কবির বলেন, ‘(শনিবার) পর্যন্ত পুরো ঘটনাস্থল আমরা সার্ভে করেছি। প্রত্যেকটি ভবনে আমরা গিয়েছি, সিসি ক্যামেরা আছে কি না তা জানার জন্য। এরই মধ্যে কিছু সিসি ক্যামেরার সন্ধান পেয়েছি।’
অবশ্য তিন দিন পেরিয়ে গেলেও, ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত একজনের নাম জানা গেছে বলে দাবি পুলিশের।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের জন্য দাঁড়িয়ে থাকা ২১ বছর বয়সী এক গারো (মান্দি) নারীকে পাঁচ যুবক জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে গণধর্ষণ করে। পরে মধ্যরাতে তাঁকে রাস্তায় ফেলে দেয় ধর্ষকরা।
শুক্রবার নির্যাতিত ওই নারী ভাটারা থানায় মামলা করেন। শনিবার তাঁর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। এতে গণধর্ষণের আলামত মিলেছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানান।

নিজস্ব প্রতিবেদক