কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ
ভারতের চলন্ত ট্রেনে নার্গিস আক্তার নামে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ করে হত্যার ঘটনায় কবর থেকে তাঁর লাশ তুলে নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে কী প্রতিবেদন দেওয়া হয়েছে সে বিষয়টি আগামী ১৬ জুন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রধান, খুলনার জেলা প্রশাসক এবং সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ময়নাতদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভারত থেকে পাওয়া প্রতিবেদন দাখিল করতে এই তিনজনসহ স্বরাষ্ট্রসচিব ও পররাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতে চলন্ত ট্রেনে নার্গিস আক্তার নামের এক বাংলাদেশি নারীকে ধর্ষণ করে হত্যার ঘটনার বিষয়ে হাইকোর্টে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ এসব আদেশ দিলেন আদালত।
রিটকারীর পক্ষে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট এলিনা খান শুনানিতে অংশ নেন।
এর আগে গত ২০ মে নিহত নার্গিস আক্তারের পক্ষে তাঁর মামি রাহেলা বেগম হাইকোর্টে এই রিট করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, খুলনার জেলা প্রশাসক, খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তদন্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়।
গত ১০ মার্চ দৃষ্টিশক্তিহীন মা ও মেয়ে কোহিনূরকে (১০) নিয়ে বৈধভাবে ভারত ভ্রমণের সময় হাওড়া স্টেশন থেকে দিল্লির ট্রেনে ওঠেন নার্গিস আক্তার। কানপুন স্টেশনে পৌঁছার পর দিল্লি এসে গেছে জানিয়ে তাদের ট্রেন থেকে নামতে বলেন কয়েকজন যুবক। পরে মা ও মেয়েকে জোর করে ট্রেনে তুলে দিয়ে নার্গিসকে প্লাটফর্মে আটকে রাখা হয়। পরে তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়। নার্গিসের লাশের সঙ্গে থাকা পাসপোর্ট থেকে তার ঠিকানা নিয়ে বাংলাদেশে যোগাযোগ করা হলে খুলনার সোনাডাঙ্গা থানার পুলিশ ১৯ মার্চ নার্গিসের লাশ পাওয়ার বিষয়টি তাঁর বাড়িতে জানায়। এরপর দুই দেশের দূতাবাসের মধ্যে যোগাযোগ শেষে গত ২০ এপ্রিল বেনাপোল চেকপোস্ট দিয়ে নার্গিসের লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ।

নিজস্ব প্রতিবেদক