সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল, শিরোপা জিতল শ্যামনগর
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় শ্যামনগর উপজেলা দল ১-০ গোলে দেবহাটাকে হারিয়ে শিরোপা লাভ করেছে।
আজ শনিবার কানায় কানায় দর্শকভরা সাতক্ষীরা স্টেডিয়ামে খেলার প্রথমার্ধের ১৯ মিনিটে শ্যামনগর উপজেলা দলের স্ট্রাইকার মিয়ারাজ প্রথম গোল দিয়ে জয়ের সূচনা করেন। এরপর দেবহাটা উপজেলা দল দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের মধ্যেও গোল পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় শ্যামনগর উপজেলার ঘরে ওঠে শিরোপা। জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ সহায়তায় জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।
উত্তেজনাপূর্ণ এ খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের অধিনায়ক ও রানার আপ দলের ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার আলতাফ হোসেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা