মনোনয়ন জমা দিলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন না পেলেও মনোনয়নপত্র দাখিল করেছেন মো. নজরুল ইসলাম। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ বুধবার জেলার একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন নজরুল ইসলাম।
ওই পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। তিনি জেলা পরিষদের প্রশাসক। নির্বাচনের জন্য তিনি আজ বুধবার ওই পদ থেকে ইস্তফা দেন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন মুনসুর আহমেদ।
নজরুল ইসলামের সমর্থনে দুপুরে জেলার একাধিক জনপ্রতিনিধি নিজেদের সমর্থকদের নিয়ে সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে জড়ো হন। সেখানে এক সমাবেশ করে নজরুল ইসলাম জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগের হাইকমান্ড তাঁকে মনোনয়ন বঞ্চিত করেছে। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ভোটার ও সাধারণ মানুষের জোর দাবির মুখে প্রার্থী হয়েছেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা