সড়ক নির্মাণে পরিচর্যা বাড়াতে প্রকৌশলীদের প্রতি মেয়রের আহ্বান
সড়ক নির্মাণে মান নিয়ন্ত্রণ ও টেকসই কাজে প্রকৌশলীদের নিবিড় পরিচর্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিটি করপোরেশন আয়োজিত এক সেমিনারে সিটি মেয়র এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি সাদেক মো. চৌধুরী, সাবেক সভাপতি মো. হারুন, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
সেমিনারে মাঠপর্যায়ে সড়ক নির্মাণশৈলী, নির্মাণসামগ্রীর গুণাগুণ, রাস্তার প্রকারভেদ, নির্মাণকাজে প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। এতে সিটি করপোরেশনের কাউন্সিলর, প্রকৌশলী, ঠিকাদার ও গাড়িচালকরা অংশ নেন। এ ছাড়া অনুষ্ঠানে সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম