সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আ. লীগে গৃহদাহ
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দেওয়া দিয়ে বিভক্ত হয়ে পড়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। দলের সমর্থন পেয়েছেন জেলা সভাপতি মুনসুর আহমেদ। অন্যদিকে এ সমর্থনের বিরোধিতা করছেন জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
গতকাল রোববার মুনসুর আহমেদকে দেওয়া সমর্থন প্রত্যাহারের দাবি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছেন নজরুল ইসলামের সমর্থকরা। অন্যদিকে এরই জেরে আজ সোমবার মিছিল ও সমাবেশ করেছেন মুনসুর আহমেদের সমর্থকরা।
মুনসুর আহমেদ বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেবহাটা-কালীগঞ্জ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
সোমবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ রাজ্জাক পার্কে সমাবেশ করেন মুনসুর আহমেদের সমর্থকরা। তাঁরা মুনসুর আহমেদকে অভিনন্দন জানিয়ে তাঁর সমর্থনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তাঁকে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকারবিষয়ক মনোনয়ন বোর্ডকে ধন্যবাদ জানান।
এরপর সমর্থকরা বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। এ সময় আয়োজিত সমাবেশ থেকে বক্তারা বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তাঁদের সিদ্ধান্ত। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কামরুল ইসলাম চঞ্চল, আখতার হোসেন প্রমুখ।

এদিকে আজ দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, ‘আমি সমর্থন পাওয়ায় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সন্তুষ্ট হননি। আর এ কারণে নির্বাচনী আলোচনার জন্য আওয়ামী লীগের সভা আহ্বানে সম্মত হননি তিনি।’
মুনসুর আহমেদ আরো বলেন, ‘দলে কোনো বিভেদ নেই। তবে সমর্থন পাওয়া না পাওয়া নিয়ে সমর্থকরা পরস্পরবিরোধী ভূমিকায় নেমে মিছিল সমাবেশ করছেন।’ এর সঙ্গে দলের দুই নেতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা