সাতক্ষীরা পৌর দিঘিতে মাছ ধরার ধুম
আজ শুক্রবার সকাল থেকে মাছ ধরার ধুম লেগেছে সাতক্ষীরা পৌর দিঘিতে। ছবি : এনটিভি
মাছ ধরার ধুম লেগেছে সাতক্ষীরা পৌর দিঘিতে। শীত মৌসুমের শুরুতেই দিঘি ঘিরে যেন জমে উঠছে মেলা।
সব বয়সের মানুষই এখানে বসেছেন ছিপ নিয়ে। রকমারি খাবার ফেলে পলকহীন নজরে দিঘির জলে তাকিয়ে রয়েছেন তাঁরা।
সাড়ে ছয় হাজার টাকার টিকেট কেটে শিকারিরা আজ শুক্রবার সকাল থেকেই দিঘির পাড় ঘিরে বানানো মাচার ওপর ছিপ নিয়ে বসছেন। থাকছেন সন্ধ্যা অবধি। এভাবেই চলবে চার সপ্তাহ।
শুধু সাতক্ষীরা নয়, শৌখিন মৎস্য শিকারিরা এসেছেন রাজশাহী, বরিশাল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে। তাঁরা মনের সুখে মাছ ধরছেন।
আজ সর্বোচ্চ ১০ কেজি ওজনের কালিবাউশ মাছ ধরেছেন এক শিকাশি। নানা জাতের ছোট-বড় মাছ পেয়েও খুশি শিকারিরা।
শহরের প্রাণকেন্দ্র শহীদ রাজ্জাক পার্ক পৌর দিঘির পাড়ে শীতের মিষ্টিমাখা রোদ আর মাছ ধরার আনন্দ যেন একাকার হয়ে গেছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা