মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিশাল বিক্ষোভ
রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের চালানো নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে জুমার নামাজ শেষে মুসল্লিরা এসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সহসভাপতি মাওলানা শেখ আবদুল কাইয়ুম কাসেমী ও মাওলানা মুনসুর আহমেদ, যুগ্ম সম্পাদক মাওলানা আমজাদ হোসেন, সদস্য মুফতি মাওলানা জাফর আহমেদ, মাওলানা কবির হোসেন।
সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন সামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান।
সমাবেশে বক্তারা মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে সরকারকে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নদীতে ভাসতে থাকা আশ্রয়হীন রোহিঙ্গা মুসলমানদের আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
বক্তারা মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো এ নৃশংস গণহত্যায় ইন্ধন জোগানোর অপরাধে সে দেশের নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার বাতিল এবং জাতিসংঘ ও ওআইসিকে নীরবতা ভেঙে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ ছাড়া ব্ল্যাসফেমি আইন কার্যকর ও নাসিরনগরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশে।

সঞ্জিব দাস, ফরিদপুর