২২ থেকে ২৫ মে জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ থাকবে
আপগ্রেডেশনের কাজ চলার কারণে আগামী ২২ থেকে ২৫ মে চারদিন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব সেবা বন্ধ থাকবে। ২৬ মে থেকে এ সেবা যথারীতি চলবে।
আজ বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এনআইডি সিস্টেম আপগ্রেডেশন তথা কমিশনের ডাটা সেন্টারের সমুদয় ডাটা ডিআরএস ডাটাবেইজে অবিকল কপি করার লক্ষ্যে আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব ধরনের আবেদন গ্রহণ ও সেবা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ মে থেকে ওই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারা দেশে সার্ভার স্টেশনগুলো চালু ও স্মার্টকার্ড বিতরণের আগে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে এ আপগ্রেডেশন করা হচ্ছে। সেই সাথে একাধিক সার্ভারে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া নির্বাচন কমিশন নাগরিকদের হাতে স্মার্টকার্ড দিতে ভোটারদের অনলাইনে তথ্য সংশোধনের যে সুযোগ দেওয়া হয়েছে, সেই সেবাও এ চারদিন বন্ধ থাকবে।
ইসি কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্রের সব ভুল-ভ্রান্তি সংশোধন শেষে শিগগির স্মার্টকার্ড দেওয়া হবে। স্মার্টকার্ড দেওয়ার পর পরবর্তী সময়ে সংশোধন করতে চাইলে নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে তা সংশোধন ও স্থানান্তরের সুযোগ পাবেন ভোটাররা।
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নয় কোটি ৬০ লাখের বেশি ভোটার রয়েছেন।

মো. হুমায়ুন কবীর