সুন্দরবনে গুলিবিনিময়ের পর দুই ‘দস্যু’ আটক
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া পশুরখাল এলাকায় র্যাবের সঙ্গে গুলিবিনিময়ের পর অস্ত্র-গুলিসহ জলদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। আজ সোমবার ভোরে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।
র্যাব-৮-এর মেজর আদনান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কলাগাছিয়া এলাকায় র্যাব সদস্যরা অবস্থান নেন। এ সময় জলদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে তারা পাঁচটি অস্ত্র ও ৪১টি গুলি ফেলে পালিয়ে যায়। আটক অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি একনলা বন্দুক ও দুটি শাটারগান।
আটক ‘জলদস্যুরা’ হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রহিম মোড়ল ও খুলনার পাইকগাছা এলাকার অজিহার মোড়ল। তারা সবাই জোনাব বাহিনীর সদস্য বলে দাবি করেছে র্যাব। পরে তাদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) লিয়াকত হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেছেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা