বিএনপি নেতা অসীমের আগাম জামিন বহাল
বিএনপির কেন্দ্রীয় মানবাধিকারবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপলি বিভাগ।
আজ বুধবার রাষ্ট্রপক্ষের করা জামিন আবেদন স্থগিতের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। এ দুটি মামলায় গত ১০ মে জামিন দিয়েছিলেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতার-অবরোধ কর্মসূচি চলাকালে ধানমণ্ডি এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত ১৭ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে ব্যারিস্টার নাসিরের বিরুদ্ধে দুটি মামলা করে।
এদিকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশালের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে দুটি মামলায়, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে আট মামলায়, গাজীপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ভিকিকে তিন মামলায় এবং অ্যাডভোকেট আক্তারুজ্জামানের একটি মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
তাদের বিরুদ্ধে হরতাল অবরোধ চলাকালে জানুয়ারি মাসের বিভিন্ন সময় গাড়ি ভাঙচুর, পোড়ানোর অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।
আজ আসামি পক্ষে শুনানিতে অংশ নেন জয়নুল আবদিন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক