খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। আজ শুক্রবার বেলা ১১টায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নির্দেশনায় এই বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি শহরের বাদামতলী সড়ক থেকে শুরু হয়ে ফরিদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিসের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী বিলকিছ ইসলাম, ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ সরদার বাবু, সাধারণ সম্পাদক এ কে আজাদ বাদশা, লিটন বিশ্বাস, তৌহিদুর রহমান জয়নাল।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

সঞ্জিব দাস, ফরিদপুর