হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে ফরিদপুরে দুটি পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটি ও জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় ফরিদপুরের সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বক্তব্য দেন আসমা আক্তার মুক্তা, খাদিজা বেগম মনি, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সুরেশ চন্দ্র হালদার, জাহাঙ্গীর আলম, মাহবুবুল ইসলাম পিকুল প্রমুখ।
অপরদিকে আধ ঘণ্টা ব্যবধানে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, মশিউর রহমান খোকন, ব্যবসায়ী নেতা দীন মোহাম্মদ, সুকেশ সাহা, মিঠুন কর্মকার, সৌরভ সাহা, সুপ্রতীক কর্মকার, মৃদুল কান্তি বিশ্বাস, আশীষ কুমার মণ্ডল, অ্যাডভোকেট অনিমেষ রায়, মাহবুবুল ইসলাম, মাইনুদ্দীন আহমেদ মানু প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা পরিকল্পিতভাবে এসব গুপ্ত হামলা চালাচ্ছে।
তাঁরা এসব ঘটনার দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এসব হামলা ঘটানো হচ্ছে।

সঞ্জিব দাস, ফরিদপুর