পদ্মায় ধরা পড়ল ৩২ কেজি ওজনের কাতল
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বাজারে ৩২ কেজি ওজনের কাতল মাছ নিয়ে লোকজনের উচ্ছ্বাস। ছবি : এনটিভি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে ৩২ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এক মাছ শিকারির বড় ফাঁস জালে এটি ধরা পড়ে।
পরে উপজেলা সদরের বাজারে মাছটির দাম হাঁকা হয় ৩০ হাজার টাকা। স্থানীয় মাছ ব্যবসায়ী জালাল মাছটি ২৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছটি দেখতে প্রচুর লোক ভিড় জমায় বাজারে।
মাছটির ক্রেতা জালাল জানান, কেউ এককভাবে মাছটি না নিলে ছয় ভাগা দিয়ে পাঁচ হাজার টাকা করে ভাগা বিক্রি করতেন। পরে সন্ধ্যায় ২৮ হাজার টাকা দিয়ে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক উপজেলা সদরের আবদুল শিকদারের ডাঙ্গি গ্রামের বাসিন্দা মোতালেব মোল্লা কাতল মাছটি একাই কিনে নেন।
শৌখিন মাছ শিকারি হাবিবুর রহমান জানান, বেশ কিছু দিন আগে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছিল। তবে আজকের মাছটি ৩০ থেকে ৩২ কেজি ওজন হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর