জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ‘সহরায় উৎসব’ শুরু
জয়পুরহাটের সদর উপজেলার পালি আদিবাসী পল্লীতে বর্ণাঢ্য আয়োজনে ৩২৩তম ‘সহরায় উৎসব’ ও তিনদিনব্যাপী ‘আদিবাসী সংস্কৃতি মেলা’ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান এ উৎসব ও সংস্কৃতি মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, জেলা আদিবাসী পরিষদের সভাপতি কার্তিক সিংহ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা হৈমন্তি রানী প্রমুখ।
জয়পুরহাট ছাড়াও নওগাঁ ও দিনাজপুর জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা এ উৎসবে অংশ নেয়।
উৎসবকে কেন্দ্র করে বুড়িকালী মন্দির প্রাঙ্গণের চারপাশে বসেছে গ্রামীণ মেলা। আশপাশের গ্রামের সব ধর্ম-বর্ণের নানা বয়সী মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট