একসঙ্গে চার মেয়েসন্তানের জন্ম
বিয়ে হয় ছয় বছর আগে। সন্তান হচ্ছিল না। সন্তানের জন্য নানা চিকিৎসাও করিয়ে ছিলেন। অবশেষে একসঙ্গে চার মেয়েসন্তানের জন্ম দিলেন সোনিয়া বেগম (২৪)।
এ ঘটনা ঘটেছে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে। সোনিয়া বেগমের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলা সদরের আজিজ সরদারের মোড়ে। তাঁর স্বামীর নাম ইমন হাসান।
ইমন হাসান তাঁর সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
চিকিৎসক দীপ্তি রানী সাহা জানান, গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার মেয়েসন্তানের জন্ম হয়। তিনি জানান, একসঙ্গে চারটি শিশু মায়ের গর্ভে বেড়ে ওঠায় তারা সবাই অপুষ্টিতে ভুগছে। আট মাসের মাথায় জন্ম। চার শিশুকেই রাখা হয়েছে ইনকিউবেটরে।
চিকিৎসক জানান, বাচ্চা না হওয়ায় যেসব মা বন্ধ্যাত্ব ঘোচাতে ক্লোমিফেন সাইট্রেট (বন্ধ্যত্ব নিবারণের ওষুধ) ব্যবহার করেন। এ ক্ষেত্রে এ জাতীয় ঘটনা দেখা যায়। অপুষ্টির শিকার হলেও চারটি শিশুই ভালো আছে বলে জানান তিনি।

সঞ্জিব দাস, ফরিদপুর