চান্দিনায় দুই ইউপির তিনকেন্দ্রে আজ ভোট
কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই কেন্দ্র ও সুহিলপুর ইউনিয়নের এক কেন্দ্রে আজ সোমবার পুনরায় ভোট গ্রহণ করা হবে।
অনিয়মের অভিযোগে জোয়াগ ইউনিয়নের দুই কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়। একই পরিমাণ ভোট পড়ায় সুহিলপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম জানান, জোয়াগ ইউনিয়ন পরিষদের কৈলাইন (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে , নোয়াগাঁও দাখিল মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যান এবং সদস্য প্রার্থী এবং সুহিলপুর ইউনিয়নে সম ভোটের কারণে শুধু সদস্য প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধ চলবে। মামলাজনিত কারণে মহিচাইল ইউনিয়নের বামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটি স্থগিত আছে।
জোয়াগ ইউনিয়নে কৈলাইন (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৮৯০ এবং নোয়াগাঁও দাখিল মাদ্রাসায় মোট ভোটার সংখ্যা এক হাজার ৬৯৭।
ওই ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আবু তাহের ধানের শীষ মার্কায় মোট ভোট পেয়েছিলেন চার হাজার ২২০ ভোট এবং আওয়ামী লীগ প্রার্থী মো. মেহেদী হাসান তালুকদার নৌকা মার্কায় পেয়েছিলেন মোট তিন হাজার ৬৫৪ ভোট।
নির্বাচনকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। পাশাপাশি সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মণ্ডল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল।

কাজী রাশেদ, চান্দিনা