কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হকের নামে মিলনায়তন
প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নামে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনের নামকরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দানুষ্ঠান শুরুর আগে নামকরণের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। সেই সঙ্গে কুড়িগ্রামের কৃতী সন্তানের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এ ছাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বক্তব্য, র্যাফল ড্র এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র মো. আবদুল জলিল, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
১৯৬৭ সালের ২৭ অক্টোবর মাত্র ছয়জন সাংবাদিকের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। আজ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম প্রেসক্লাব ৫০ বছরে পা রাখল।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম