রাবির কর্মচারীর বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় এক কর্মচারীকে বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষার সময় তাঁকে আটক করা হয়।
অভিযুক্ত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস সহায়ক।
আজ বুধবার রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিষয়টি সাংবাদিকদের জানান।
এ সময় রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘আরিফুল ইসলামের বিরুদ্ধে আমাদের কাছে সম্ভাব্য জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি এক ধরনের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা প্রাথমিক অবস্থায়, ফোনে এসএমএস চালাচালির সময়ই তাঁকে বিভাগের শিক্ষকদের সহযোগিতায় ধরে ফেলি।’
‘এ সময় আমরা মো. শাহীন নামের একজন শিক্ষার্থীকেও আটক করি। নওগাঁর ওই শিক্ষার্থী জালিয়াতির শিকার হচ্ছিল। কিন্তু সে তখন পর্যন্ত কোনো টাকা-পয়সা দেয়নি। তাদের কাছ থেকে আমরা দুটি মোবাইল ফোনসেট জব্দ করেছি। শিক্ষার্থীর মোবাইল ফোনে আমরা কয়েকটি ওএমআর শিটের ছবি পেয়েছি।’
উপ-উপাচার্য বলেন, ‘আমাদের ধারণা, আরিফুল ইসলাম হয়তো মূল জালিয়াতি চক্র থেকে অনেক দূরে অবস্থান করছে। আর সে যেহেতু বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তাই বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। স্বীকারোক্তি নিয়ে প্রাথমিকভাবে আমরা তাকে ছেড়ে দিয়েছি।’
‘আরিফুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগ থেকে প্রক্টর বরাবর চিঠি দেওয়া হয়েছে। প্রক্টর সেই চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছে। রেজিস্ট্রার দপ্তর তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। আর বাইরের যদি কোনো যোগসূত্র থাকে তাহলে তা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’ বলছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

রাবি সংবাদদাতা