সালথায় ১০ টাকার চালে অনিয়মের অভিযোগ
ফরিদপুরের সালথা উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
কার্ডবঞ্চিত ও ক্ষুব্ধ মো. ইছাহাক মোল্লা কার্ড বিতরণে দুর্নীতির অভিযোগ এনে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. ইয়াদ আলী মোল্লার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত দিয়েছেন।
ইউএনও মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, ‘গত ২০ অক্টোবর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগে উল্লেখ করা হয়, ৫ নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। সরকারঘোষিত হতদরিদ্র ও ভূমিহীনদের মাঝে এ চাল বিতরণের নিয়ম থাকলেও বাস্তবে যাদের জমি-জমা এবং অর্থ-সম্পদ আছে, তারাই হতদরিদ্র কার্ডের চাল ভোগ করছে।
এর মধ্যে বকুল মাতুব্বর, বেলায়েত হোসেন, সেলিম মাতুব্বর, রাজা মাতুব্বর, কাইয়ুম মাতুব্বর, আছাদুজ্জামান, আলম মোল্লা, শাহিদ মোল্লা, আ. মান্নান, তুরফান মোল্লা, হাফিজ মোল্লাসহ ১০ বছর ধরে বিদেশে আছে এমন লোকের নামেও দরিদ্র কার্ড রয়েছে। ইউপি সদস্য মো. ইয়াদ আলী নিজেই এই অনিয়ম করেছেন। শুধু তাই নয়, কাকদি বাজারের তাঁর নিজের দোকানে ১০ টাকা কেজির চাল নিয়ে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য ইয়াদ আলী মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি, রাতে আপনার সঙ্গে কথা বলব।’

সঞ্জিব দাস, ফরিদপুর