সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া বিস্তীর্ণ এলাকার মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে।
আজ রোববার ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ৪ নম্বর পোল্ডারের কাছে খোলপেটুয়া নদীর প্রায় আড়াইশ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ওই ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রাম প্লাবিত হয়।
স্থানীয় কৃষক ওয়াজেদ গাজী, সঞ্জয় দাস, জহুরুল ইসলাম ও সাইফুল্লাহসহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ জোয়ারের চাপে তা নদীগর্ভে ধসে পড়ে। এতে ছয়টি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তাদের মাছের ঘের ও ফসলি জমিও প্লাবিত হয়।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, কিছু দিন আগেও কোলার একটি জায়গায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এবার তার পাশে অপর একটি অংশে বেড়িবাঁধ ভেঙে তার ইউনিয়নের কোলা ও হিজলিয়া গ্রাম প্লাবিত হয়েছে।
শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এখানে বারবার বেড়িবাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হচ্ছে। এতে তাঁর ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রাম প্লাবিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রেজাউল ইসলামকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এলাকায় এসে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা