ভ্যানের ওপর ঘুমন্ত গৃহবধূকে এসিড নিক্ষেপ
সাতক্ষীরার তালা উপজেলার আহসাননগর গ্রামে ভ্যানের ওপর ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনার পর ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ গৃহবধূর নাম আছিয়া খাতুন, তিনি আহসাননগর গ্রামের হান্নান শেখের স্ত্রী।
আছিয়া খাতুনের স্বজনরা জানান, এবারের জলাবদ্ধতায় দরিদ্র হান্নান শেখদের বাড়িঘর ধসে পড়েছে। এই পরিবারটির সদস্যরা ভাঙাচোরা ঘরে রাত কাটান। জায়গার অভাবে কেউ কেউ বাড়ির আঙিনায় ঘুমান। বৃহস্পতিবার রাতে আছিয়া খাতুন আঙিনায় থাকা ভ্যানের ওপর ঘুমিয়েছিলেন। রাতে হঠাৎ করে তাঁর শরীরে এসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা। যন্ত্রণায় চিৎকার দিলে বাড়ির লোকজন তাঁকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাস্থলে দুটি বোতলও খুঁজে পেয়েছেন তাঁরা। এতে এসিড ছিল বলেও দাবি তাঁদের।
আছিয়ার স্বামী আবদুল হান্নান জানান, তাঁদের সঙ্গে এলাকার কিছু লোকের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষ আদালতে মামলাও করেছে। এসব কারণে এসিড ছুড়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, তিনি এসিড হামলার খবর মৌখিকভাবে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে জানান তিনি ।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা