কেশবপুরে সাংবাদিকতায় ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে যশোরের কেশবপুর প্রেসক্লাবে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য মধুসূদন মণ্ডল ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার।
শুভেচ্ছা বক্তব্য দেন বিটিভির যশোর জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু। সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। সংবাদ কাঠামো নিয়ে আলোচনা করেন পিআইবির প্রশিক্ষক কর্মশালা সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বি। প্রশিক্ষণে ৩৫ জন সংবাদকর্মী অংশ নেন।

আশরাফ-উজ-জামান খান, কেশবপুর