জয়পুরহাট সীমান্তে মিয়ানমারের পাঁচ নাগরিক আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত থেকে মিয়ানমারের পাঁচ নাগরিককে আটক করা হয়েছে। এঁদের মধ্যে দুজনই শিশু।
আজ বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের ২৮৭ নম্বর মেইন পিলারের ৪৭ নম্বর সাব-পিলার এলাকা থেকে এঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মিয়ানমারের নাগরিকরা হলেন—আবদুল হামিদ (২৫), নূর বেগম (২২), হামিদা (২৫) এবং তাঁর সন্তান রেজাউল করিম (৭) ও নূর কায়দা (১)।
জয়পুরহাটের ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, আজ ভোররাত ৩টার দিকে সীমান্তের ২৮৭ নম্বর মেইন পিলারের ৪৭ নম্বর সাব-পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
আটক আবদুল হামিদ জানান, মিয়ানমারে মুসলিমদের ওপর নির্যাতন হওয়ায় তাঁরা প্রাণভয়ে সে দেশ থেকে পালিয়ে টেকনাফের সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। পরে দালালের মাধ্যমে জয়পুরহাট সীমান্ত হয়ে পাসপোর্ট ছাড়াই ভারত যাচ্ছিলেন। পথে বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট