সাতক্ষীরায় মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে শ্যামনগর বাজার থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাফেজ মো. ইউনুস আলী (৩০) ও তাঁর স্ত্রী রোজিনা বেগম (২৬)। মিয়ানমারের গুসিডং এলাকায় বাড়ি বলে জানিয়েছেন তাঁরা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আজ সকালে ওই দুজনকে শ্যামনগর বাজারে বসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। তাঁরা ভাঙা ভাঙা বাংলা ও মিয়ানমারের ভাষায় কথা বলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে ওসি আরো জানান, বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য তাঁরা বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁদের বিদেশি নাগরিকত্ব আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা