বেনাপোলে তিনজন গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
যশোরের বেনাপোলে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে বিজিবির দাবি।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ গ্রাম থেকে অস্ত্র-গুলিসহ তিনজনকে আটক করা হয় বলে দাবি বিজিবির সদস্যদের। পরে তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন—বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের আবদুল্লাহ (৪০), একই গ্রামের জাকির হোসেন (৩৫) ও জাহিদ হাসান (৩৩)।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান জানান, ভারত থেকে চোরাপথে বেশ কিছু অস্ত্র আসছে—এ ধরনের সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বিজিবির সদস্যরা রাজগঞ্জ গ্রামে অভিযান চালান। এ সময় গ্রেপ্তার তিন ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও দুটি গুলি, দুটি রামদা, একটি টর্চ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ওই তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে কর্নেল আরিফুর আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারত থেকে অস্ত্র এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল পোর্ট থানায় এ তিনজনকে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

মহসিন মিলন, বেনাপোল