মাদারীপুরে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড, জরিমানা
মাদারীপুর শহরের ইটেরপুল এলাকার ডিজিটাল এপোলো হাসপাতালে মো. আকতারুজ্জামান নামের এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার এ আদেশ দেন। একই সঙ্গে আকতারুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮-এর মাদারীপুর ক্যাম্পের প্রধান সুমন রঞ্জন সরকার জানান, দীর্ঘদিন ধরে আকতারুজ্জামান চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। এই অভিযোগে আজ বিকেলে শহরের ডিজিটাল এপোলো হাসপাতাল থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিজেকে নাক, কান, গলারোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর