খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল শুরু
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্রীড়াই শক্তি। ক্রীড়াই তারুণ্যকে বিকশিত করে। তাই খেলাধুলার মাধ্যমে তরুণসমাজ মাদকসহ সমাজবিরোধী সব ধরনের কাজ থেকে বিরত থাকবে।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে মন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।
উদ্বোধনী খেলায় মাচ্চর ইউনিয়ন একাদশ ১-০ গোলে কানাইপুর ইউনিয়ন একাদশকে হারিয়েছে।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের ১২টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

সঞ্জিব দাস, ফরিদপুর