পুঠিয়ায় বাসের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত, আহত ২
রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ বাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন। তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ বগুড়াপাড়া গ্রামের চয়ন উদ্দিনের ছেলে হোসেন আলী (৫২) ও মোটর কর্মকারের স্ত্রী লিলিমা কর্মকার (৫০)। এ ঘটনায় লিলিমার স্বামী মোটর কর্মকার (৬০) ও একই গ্রামের মোস্তফা আলীর ছেলে শিমুল আলী (২৪) আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সন্ধ্যায় পাশের দেওপাড়া থেকে হতাহত ব্যক্তিরা ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে পুঠিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁদের রিকশাভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান। গুরুতর আহত লিলিমা কর্মকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, বাসটিকে আটক করা যায়নি। তবে এ ব্যাপারে থানায় মামলা হবে।

শ. ম সাজু, রাজশাহী