বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকাসহ বিএনপির ৩৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় দেওয়া দুটি অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। আদালত একই সাথে হত্যা মামলায় নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ ও সাদেক হোসেন খোকাকে পলাতক উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মহানগর হাকিম এস এম আশিকুর রহমান আজ অভিযোগপত্র গ্রহণ করে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত বছর ২৯ ডিসেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
তদন্ত শেষে গত ২০ মার্চ রামপুরা থানা পুলিশ হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, সালাহ উদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

নিজস্ব প্রতিবেদক