বুড়িচংয়ে খাবারে বিষক্রিয়ায় শিশুসহ অসুস্থ ৬
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারে বিষক্রিয়ায় অসুস্থরা। ছবি : এনটিভি
কুমিল্লার বুড়িচং উপজেলায় রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের মনঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক গাজী মাহমুদুল হাসান এনটিভি অনলাইনকে জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে হাসপাতালে শিশু ও নারীসহ মোট ছয়জন রোগীকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
অসুস্থদের স্বজন সাবিত্রী রাণী শীল জানান, বৃহস্পতিবার রাতে মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে ছয়জন বমি করতে থাকে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। এখন সবাই মোটামুটি ভালো আছে বলে জানিয়েছেন তিনি।


কাজী রাশেদ, চান্দিনা