হাসপাতাল থেকে মির্জা ফখরুল আবার কারাগারে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতাল থেকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি হওয়ার মতো শারীরিক সমস্যা মির্জা ফখরুলের নেই।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, ‘তাঁর (ফখরুল) শারীরিক কোনো গুরুতর সমস্যা মেডিকেল বোর্ডের প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েনি। এখন উনার অবস্থা স্থিতিশীল। মেডিকেল বোর্ডের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল অনুযায়ী তাঁর (ফখরুল) বর্তমানে কোনো শারীরিক সমস্যা নেই। (হাসপাতালে) ভর্তিযোগ্য কোনো শারীরিক সমস্যা নেই।’
আজ মঙ্গলবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কারা চিকিৎসকদের পরামর্শেই রুটিন চেকআপের জন্য তাঁকে বিএসএমএমইউতে পাঠানো হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানায়।
সকালেই ফখরুলের শারীরিক পরীক্ষার জন্য অধ্যাপক রফিকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ওই বোর্ড প্রায় পৌনে এক ঘণ্টা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা করে।
কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট ২-এর জেলার নাসির আহমেদ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুটিন চেকআপের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে বিএসএমএমইউতে পাঠানো হয়।
গত ৪ জানুয়ারি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এর পর ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগের দিন থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক