৪ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ফেরত দিয়েছে বিএসএফ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় আটক চার বাংলাদেশি জেলেকে তাদের দুটি মাছ ধরার ট্রলারসহ ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরার সুন্দরবন এলাকার আন্তর্জাতিক নদী কালিন্দীর মধ্য সীমায় বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।
ফিরে আসা বাংলাদেশি নাগরিকরা হলেন পিরোজপুর জেলার পাড়েরহাটের মো. লাল মিয়া, বাগেরহাটের কচুয়া উপজেলার রিয়া বেপারি, কক্সবাজারের কুতুবদিয়ার মো. জামাল উদ্দিন ও একই এলাকার মো. আয়াত উল্লাহ।
একই সময়ে তাদের ব্যবহৃত দুটি ট্রলার ‘মা গঙ্গা’ ও ‘এফবি নাহিন’ও ফেরত দেওয়া হয়েছে।

বিজিবি-১৭ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ সুমন জানান, গত আগস্টের প্রথম দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তারা পশ্চিমবঙ্গের সুন্দরবনের বাগনা এলাকায় ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। পরে তাদের সে দেশের সুন্দরবন থানার কোস্টাল পুলিশ আটক করে।
বিজিবির অধিনায়ক আরো জানান, আজ দুপুরে কালিন্দী নদীর মধ্য সীমায় বিএসএফের শমসেরনগর কোম্পানি কমান্ডার গিরিশ চন্দ্র সেন ও বিজিবির কৈখালী বিওপি কমান্ডার সুবেদার নজরুল ইসলামের মধ্যে পতাকা বৈঠক হয়।
এরপর বাংলাদেশিদের হস্তান্তর করেন সে দেশের পুলিশ কর্মকর্তা উত্তম সেন। তাদের গ্রহণ করেন শ্যামনগর থানার এস আই মো. আসাদুজ্জামান মন্টু। এ সময় বিজিবি ও বিএসএফের অন্যান্য কর্মকর্তারা ছাড়া শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম উপস্থিত ছিলেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা