মোংলায় ভারতীয় পণ্য জব্দ
পাচার হয়ে আসা ভারতীয় পণ্য উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। আজ বুধবার সকালে মোংলা-খুলনা মহাসড়কের রূপসা এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। পরে তা মোংলা শুল্ক বিভাগে জমা দেওয়া হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা সকালে রূপসার খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুল ভারতীয় শাড়ি-কাপড় ও চা পাতা উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সদস্যদের দেখে চোরাকারবারিরা আগেই সটকে পড়ে। তাই কাউকে আটক করা যায়নি। আটক পণ্যের দাম অর্ধ কোটি টাকা হবে বলে দাবি করেন কোস্ট গার্ড কর্মকর্তা।
লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান আরো জানান, সম্প্রতি চোরাচালান বেড়ে যাওয়ায় মোংলা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চোরাকারবারিদের আনাগোনাও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে কোস্ট গার্ডের অভিযান আরো জোরদার করা হয়েছে।

আবু হোসাইন সুমন, মোংলা